সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ অভিযোগের প্রতিবাদে সীমান্ত সফরের কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২ জুন) বিকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। বুধবার সকাল সাড়ে ১১টায় বেনাপোল সীমান্তে যাবেন পাটওয়ারী।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ইনশাআল্লাহ আগামীকাল (বুধবার, ৩ জুন) যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শনে যাবো। সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ করানোর অভিযোগের প্রেক্ষাপটে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সরেজমিন অবগত হওয়ার চেষ্টা করবো। সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্থানীয় বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণই এ সফরের মূল উদ্দেশ্য। সকাল পৌনে ১২টায় সাদিপুর সীমান্ত পরিদর্শন এবং দুপুর ১টায় বেনাপোলের পর্যটন হোটেল লবিতে প্রেস ব্রিফিংহবে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে যেকোনো সীমান্ত সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত এটাই আমাদের প্রত্যাশা।
এর আগে গত ২২ মে ঝিনাইদহ সীমান্ত সফরে গিয়ে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় করে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। তার আগে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী।
সূর্যয় / আয়না নিউজ