বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী বাইশফাঁড়ি এলাকায় পরিত্যক্ত একটি মর্টার শেল বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গা (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে তুইঙ্গাঝিরি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের বাইশফাঁড়ি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা কিংহলা তঞ্চঙ্গার ছেলে সতনাইং তঞ্চঙ্গা আন্তর্জাতিক শূন্য রেখার নিকটবর্তী একটি পাহাড়ি জুমে কাজ করতে গিয়ে একটি পরিত্যক্ত মর্টার শেল দেখতে পায়। কৌতূহলবশত সেটি নেড়েচেড়ে দেখার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে সীমান্ত পিলার-৩৯ এর প্রায় ১০০ মিটার দক্ষিণ-পশ্চিম দিকে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং কিশোরটির মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের ধারণা, সীমান্ত এলাকায় পূর্বে সংঘটিত সংঘর্ষ বা সামরিক তৎপরতার সময় ব্যবহৃত কোনো অবিস্ফোরিত মর্টার শেল দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল। অসতর্কভাবে সেটি স্পর্শ করায় এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর সীমান্তবর্তী জনপদে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় ছড়িয়ে থাকা সম্ভাব্য অবিস্ফোরিত গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য দ্রুত শনাক্ত ও অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মিনহাজ/ হাফিজ/ আয়না নিউজ