রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বসহকারে দেখছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় আসামিদের গ্রেফতারে অগ্রগতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতারে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে—এমন ঘটনা নেই।”
তিনি আরও বলেন, রামিসা হত্যার বিচার কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে এবং সরকারের প্রত্যাশা, স্বল্প সময়ের মধ্যেই এর বিচার সম্পন্ন হবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুশ-ইন ইস্যুতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, জিরো লাইনে কোনো হত্যাকাণ্ড ঘটলে সেটিকে সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং বলা যায়, তবে নিজ এলাকায় কোনো অপরাধের কারণে সংঘটিত হত্যাকাণ্ডকে বর্ডার কিলিং হিসেবে গণ্য করা ঠিক নয়।
হাফিজ/ আয়না নিউজ