ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। তবে বাংলাদেশে এই বিশ্বকাপ সম্প্রচার নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে জি এন্টারটেইনমেন্ট, যা জানিয়েছে তারা ২০২৬ বিশ্বকাপসহ ২০৩৪ সাল পর্যন্ত আরও ৩৮টি ফিফা ইভেন্ট সম্প্রচারের অধিকার অর্জন করেছে। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে আর্থিক শর্ত প্রকাশ না করলেও ভারতীয় গণমাধ্যমের দাবি, এই চুক্তির মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে। ফলে দেশটিতে তুলনামূলক স্বল্প খরচে বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন দর্শকরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা প্রথমে ভারতের প্যাকেজের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার দাবি করেছিল। পরে তা কমিয়ে প্রায় ৬০ মিলিয়ন ডলারে আনা হয়। এর আগে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রায় ৬০ মিলিয়ন ডলারে ২০২৬ বিশ্বকাপের একচেটিয়া সম্প্রচার স্বত্ব কিনে নেয়।
বাংলাদেশে পরিস্থিতি এখনো অনিশ্চিত। দেশটির সম্প্রচার স্বত্বের জন্য ফিফা সংশ্লিষ্ট পক্ষ প্রায় ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫০ কোটি টাকা) দাবি করেছে। কর, ভ্যাট ও অগ্রিম আয়কর যুক্ত হলে মোট ব্যয় প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।
এই বিপুল ব্যয়ের কারণে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কিংবা কোনো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এখন পর্যন্ত চুক্তিতে চূড়ান্তভাবে রাজি হয়নি। ফলে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ব্যয় কমিয়ে আনার চেষ্টা এখনো চলমান রয়েছে। বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। দেশের কয়েকটি বেসরকারি সম্প্রচারমাধ্যম যৌথভাবে স্বত্ব নেওয়ার বিষয়েও আলোচনা করছে, যেখানে টি-স্পোর্টস ও স্টার নিউজের অংশীদারিত্বের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। পাশাপাশি দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কথাও জানা গেছে।
সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মাধ্যমে বিনা মূল্যে বিশ্বকাপ দেখানোর প্রস্তাব দেওয়া হলেও ফিফা তাতে সম্মতি দেয়নি।
ভারতীয় বাজারে সম্প্রচার স্বত্ব পেয়েছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড যারা ইতোমধ্যে বিশ্বকাপসহ একাধিক ফিফা ইভেন্ট সম্প্রচারের পরিকল্পনা চূড়ান্ত করেছে।
হাফিজ/ আয়না নিউজ