দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৪৫৬ জন রোগী।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ শিশুর এবং সন্দেহজনকভাবে মারা গেছে ১৫ শিশু। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১১ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকা জেলাতেই মারা গেছে ৮ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৫২ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৩০২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে ১৫৪ জন, আর মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৪৬৭ জন।
হাসপাতাল সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৮৪২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
হাফিজ/ আয়না নিউজ