দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামজনিত এবং বাকি ৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক উপসর্গে।
রোববার ( ৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১৬৬ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০,৪৯১ জনে। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩১৩ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৭,৮১৬ জন সন্দেহজনক হামরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪,০৯০ জন।
মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে সন্দেহজনক হাম উপসর্গে মারা গেছেন ২৪৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবেলায় দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
হাফিজ/ আয়না নিউজ