তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে কারাগারে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। এ বিষয়ে বর্তমান বিএনপি সরকারের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন।
সোমবার (৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায় চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদ আমলে গণতান্ত্রিক আন্দোলনের ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছে, সেই সময় কিছু সাংবাদিকের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ রয়েছে। আবার অনেকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার কারণেও কারাগারে ছিলেন। তবে এ বিষয়ে বর্তমান সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।”
তিনি আরও জানান, কারাবন্দি সাংবাদিকদের বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ন্যায্য বিষয়গুলো বিবেচনা করা হবে। তবে আইনের বাইরে গিয়ে কারও ক্ষতি করা হবে না বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাড়ে, চলচ্চিত্র গবেষক অধ্যাপক মঈন উদ্দিন খালেদ, নির্মাতা তানভীর মোকাম্মেল, অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ, চলচ্চিত্র বিশ্লেষক বিধান রিবেরু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বক্তব্য দেন।
হাফিজ/ আয়না নিউজ