দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৫ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। পাশাপাশি একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৫১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩৭ হাজার ১৩১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ২৮ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলমান এই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ২৫ হাজার ১৫৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ হাজার ৭৫৬ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ ঠেকাতে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা হলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
হাফিজ/ আয়না নিউজ