দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৬ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাতেই হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এতে করে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে। পাশাপাশি একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৪৯ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত একদিনে সারা দেশে নতুন করে ৭২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৯ হাজার ৩২৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৫ হাজার ২১৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ হাজার ৯১১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ইতোমধ্যে ২৩ হাজার ২২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
হাফিজ/ আয়না নিউজ