চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে পেটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব সূত্র জানায়, গত ৩ মে রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি দল সাতকানিয়া থানার ঠাকুরদিঘী বাজার সংলগ্ন টাইম ক্যাফে রেস্টুরেন্টের সামনে মহাসড়কে অভিযান চালায়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস থেকে নামা চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জিয়াউর রহমান (৩৫), মো. সাকের (২৮), আবু তৈয়ব (৩৫) ও জাফর মিয়া (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শরীরের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
পরবর্তীতে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তাদের পেট থেকে মোট ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অভিনব পদ্ধতিতে ইয়াবা পাচার করে আসছিল। তারা পলিথিন ও কসটেপে মোড়ানো ছোট ছোট প্যাকেটে ইয়াবা মুখে গ্রহণ করে পেটে জমা রাখত এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে তা বের করে সরবরাহ করত। এই পদ্ধতিতে তারা কক্সবাজার থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত।
আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা সাধারণ যাত্রীবাহী পরিবহন ব্যবহার করত বলেও জানিয়েছে র্যাব।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মিনহাজ /হাফিজ/ আয়না নিউজ