বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের হতাশার পর ব্রাজিল শিবিরে স্বস্তির খবর এনে দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে তিনি আবারও দলের সঙ্গে মাঠে অনুশীলন শুরু করেছেন। তবে আসন্ন ম্যাচে তার মাঠে নামা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।
মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের ক্যাম্পে প্রথমবারের মতো মাঠে অনুশীলন করেন নেইমার। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তিনি শারীরিক অনুশীলনের পাশাপাশি সীমিত পরিসরে বলের সংস্পর্শেও এসেছেন। তবে এখনো দলের পূর্ণাঙ্গ ট্যাকটিক্যাল সেশনে অংশ নেননি।
গত মাসে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান ৩৪ বছর বয়সী এই তারকা। সেই চোটের কারণেই তিনি মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এবং দলের মেডিকেল স্টাফরা নেইমারের পুনর্বাসন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তার ফেরার প্রক্রিয়া ত্বরান্বিত করার কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। ফলে শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচে তাকে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিশ্বকাপ অভিযান শুরুতেই মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। দলের আক্রমণভাগে সৃজনশীলতার ঘাটতি স্পষ্ট হওয়ায় নেইমারের দ্রুত প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে সমর্থকরা। তবে ব্রাজিল শিবিরের বার্তা পরিষ্কার তারকা ফুটবলারের পূর্ণ সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
এদিকে অনুশীলনে নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করলেও, মাঠে তার প্রত্যাবর্তনের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।
হাফিজ/ আয়না নিউজ