জনগণের অধিকার ও প্রাপ্য সুবিধা নিয়ে আর কোনো ধরনের লুটপাট বা অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের জন্য বরাদ্দকৃত সম্পদ ও সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “জনগণের হক নিয়ে অতীতে অনেক অনিয়ম হয়েছে। কিন্তু এখন থেকে জনগণের অধিকার নিয়ে আর কোনো লুটপাট চলতে দেওয়া হবে না। সরকারের প্রতিটি কর্মসূচি ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হবে।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির সুফল যেন দরিদ্র, নিম্ন আয়ের মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে তাদের কল্যাণে কাজ করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলে জনগণই তার জবাব দেবে।
অনুষ্ঠানে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ