| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুলতলায় পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে আহত ২৪

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 194 বার পঠিত
ফুলতলায় পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে আহত ২৪

খুলনার ফুলতলা উপজেলায় তিনটি পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার যুগ্নীপাশা এলাকার এতিমখানা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস, একটি তেলবাহী ট্রাক এবং একটি কলেজ বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনার বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।

খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছে খুলনা বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইভা (১৯), সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না জান্নাত (২০), অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবরিনা (২৪), গণিত বিভাগের শিক্ষার্থী রন্তা রায় (৩০), মাইমুনা (২২), বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুন নাহার (১৮), যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান (৪০) এবং বাসের হেলপার সাইফুল (৪০)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম তৌহিদ বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে চলা একটি যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪