| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘চানাচুরের বাজেট’ বলারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 96 বার পঠিত
‘চানাচুরের বাজেট’ বলারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী

সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে যারা ‘চানাচুরের বাজেট’ বা ‘গণবিরোধী বাজেট’ বলে আখ্যা দিচ্ছেন, তারা কখনোই জনগণের প্রকৃত বন্ধু হতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের জন্য রাজনীতি না করলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলো আগামী পাঁচ বছরের মধ্যে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তারেক রহমান বলেন, বিএনপি সব সময় জনগণের জন্য রাজনীতি করে। জনগণের কল্যাণে তৈরি করা বাজেটকে যারা সমালোচনা করে, তাদের বক্তব্য থেকেই বোঝা যায় তারা জনগণের স্বার্থে কাজ করে না। তিনি জনগণকে বিভ্রান্তিমূলক প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, সংসদের ভেতরে কিংবা বাইরে যারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।

তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের মতো উদ্যোগ সাধারণ মানুষের স্বার্থেই নেওয়া হয়েছে। নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

দেশ থেকে অর্থ পাচার বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে যেভাবে জনগণের অর্থ বিদেশে পাচার হয়েছে, তা আর হতে দেওয়া হবে না। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধ করা হবে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থায়ন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও অর্থ পাচার রোধ করা গেলে এসব জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনায় অর্থের কোনো সংকট হবে না।

তিনি আরও বলেন, চা শ্রমিকদের গৃহনির্মাণ অনুদান, শিক্ষার্থীদের বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তার মতো কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চলতি বাজেটের পক্ষে অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, যে বাজেটে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, শিক্ষা খাতে বাড়তি বরাদ্দ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্ক প্রত্যাহারের মতো উদ্যোগ রয়েছে, সেই বাজেটকে জনবিরোধী বলা অযৌক্তিক।

দেশে অস্থিরতা সৃষ্টি হলে সামাজিক সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে উল্লেখ করে তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না এবং বাংলাদেশের গণতন্ত্রকে কেউ ধ্বংস করতে পারবে না।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে, জনগণ ধানের শীষকে বিজয়ী করেছে। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, সংকটের সময় অনেকে দেশ ছেড়ে গেলেও তিনি কখনো দেশের মানুষকে ছেড়ে যাননি।

অনুষ্ঠানে ৫০ জন নারী চা শ্রমিকের মধ্যে গৃহনির্মাণের জন্য দুই লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া চা শ্রমিক পরিবারের ১৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪