ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে মসজিদে অগ্নিসংযোগ এবং হিব্রু ভাষায় উসকানিমূলক স্লোগান লেখার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের (সেটলার) বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) ভোরে রামাল্লাহর উত্তরে জিলজিলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা গ্রামের প্রধান মসজিদের অজুখানায় আগুন ধরিয়ে দেয় এবং ভবনের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি ঘটায়। পাশাপাশি মসজিদের বাইরের দেয়ালে হিব্রু ভাষায় বিদ্বেষমূলক স্লোগান লিখে যায়। ঘটনাস্থলে আগুনের চিহ্ন ও ভাঙচুরের আলামত পাওয়া গেছে।
জিলজিলিয়া গ্রামের কাউন্সিল প্রধান ওসামা আবদুল্লাহ বলেন, “সেটলাররা মসজিদে আগুন দিয়েছে এবং দেয়ালে শত্রুতাপূর্ণ বার্তা লিখে গেছে।” তিনি এ ঘটনাকে ধর্মীয় উসকানি ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণ ও তাদের ধর্মীয় স্থাপনাগুলোর ওপর সেটলারদের হামলার ঘটনা বেড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন অভিযোগ করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতেও একাধিক মসজিদে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
হাফিজ/ আয়না নিউজ