গণভোট ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোট বাতিল করা জাতির প্রতি অবমাননার শামিল এবং এ বিষয়ে বিএনপি গায়ের জোরে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, জুলাইয়ের শহীদরা কোনো নির্দিষ্ট দলের নয়, তারা পুরো জাতির সম্পদ।
শনিবার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও অংশগ্রহণকারী যোদ্ধাদের নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার মোহ মানুষকে অতীত ভুলিয়ে দেয় এবং ক্ষমতার চেয়ার অত্যন্ত নির্মম। তিনি দাবি করেন, সংসদের ভেতরেই সরকারদলীয় এক প্রতিমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির (ইলেকশন ইঞ্জিনিয়ারিং) কথা স্বীকার করেছেন।
আরও পড়ুন :
রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত আছি : নাহিদ ইসলাম
বিএনপির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটি সংসদে “ফ্যাসিবাদের পক্ষে” অবস্থান নিয়েছে এবং জাতির সঙ্গে প্রতারণা করে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড এবং জেলা প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিএনপি একদলীয় প্রভাব বিস্তার করতে চায়।
তার এই বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে বলেও জানান বিরোধীদলীয় এ নেতা।
হাফিজ/ আয়না নিউজ