সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে। সোমবার ( ১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
এর আগে রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
পরিবারের সূত্রে জানা গেছে, দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। বিকাল ৫টায় আজিমপুর কবরস্থানে তাঁর জীবনসঙ্গী মাহফুজা খানমের পাশে তাঁকে দাফন করার কথা রয়েছে।
শফিক আহমেদ ছিলেন দেশের সাবেক আইনমন্ত্রী। তাঁর মৃত্যুতে আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজ/ আয়না নিউজ