| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকারের বিস্ফোরক মন্তব্য

  • আপডেট টাইম: 15-04-2026 ইং
  • 1123 বার পঠিত
টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকারের বিস্ফোরক মন্তব্য

ভারতের বরাক নদীর ওপর নির্মিত টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, অতীতে নিজেদের সিদ্ধান্তের কারণেই আজ বাংলাদেশ এর নেতিবাচক প্রভাব ভোগ করছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে স্পিকার এ মন্তব্য করেন। এদিন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক সিলেট অঞ্চলে কালবৈশাখী ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।

তিনি প্রশ্ন করেন, ভারতের বরাক নদীর উজানে অবস্থিত টিপাইমুখ বাঁধের কারণে বর্ষাকালে অকাল বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট দেখা দিচ্ছে—এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী।

প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, টিপাইমুখ বাঁধ একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি জানান, এ বিষয়ে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হবে এবং সরকার সর্বোচ্চ চেষ্টা চালাবে।

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ফ্লোর নিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে অনেক রাজনীতি হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ-এর অনুরোধেই ভারত এই প্রকল্প বাস্তবায়নের সুযোগ পেয়েছিল। আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।

উল্লেখ্য, ভারতের বরাক নদীর ওপর নির্মিত টিপাইমুখ বাঁধ দীর্ঘদিন ধরেই বাংলাদেশে পরিবেশগত ঝুঁকি ও পানিবণ্টন ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে সিলেট অঞ্চলের বাসিন্দারা এই বাঁধের কারণে বন্যা ও খরার দ্বৈত প্রভাবের অভিযোগ করে আসছেন।

সরকারি পর্যায়ে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত মিললেও, বাস্তবসম্মত সমাধান কবে আসবে—তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪