| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ হাজার ৪৭৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল

  • আপডেট টাইম: 15-04-2026 ইং
  • 1186 বার পঠিত
৬ হাজার ৪৭৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে মোট ৬ হাজার ৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। প্রশ্নোত্তর পর্বে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, প্রকৃত মুক্তিযোদ্ধা নয় এমন ব্যক্তিদের শনাক্ত করার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতে অনেক অমুক্তিযোদ্ধা ভুল তথ্য দিয়ে ভারতের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছিলেন। বর্তমানে যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লিখিত জবাবে উল্লেখ করা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত অমুক্তিযোদ্ধা সংক্রান্ত মোট ৮৪২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিস্তারিত তদন্ত শেষে ৪৮১ জনের নাম গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে বাতিলের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

মন্ত্রী জানান, অভিযোগ পাওয়ার পর জামুকার একটি উপকমিটি তদন্ত ও শুনানি পরিচালনা করে। অভিযুক্ত ব্যক্তি অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলে তার সনদ বাতিলসহ সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়।

তিনি বলেন, দেশের যেকোনো প্রান্ত থেকে অভিযোগ পাওয়া গেলে একই প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে এবং তালিকা সম্পূর্ণ স্বচ্ছ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪