আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে লড়তে হাইকোর্টে রিট আবেদন করেছেন কারাগারে আটক থাকা সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)।
বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।
রিটে ঢাকা জেলা প্রশাসকের কাছে করা তার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। বিষয়টি শিগগিরই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে বলে জানা গেছে।
এর আগে গত রোববার (১২ এপ্রিল) বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্রে স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করা হয়। ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ আবেদনটি দাখিল করেন।
আবেদন সূত্রে জানা গেছে, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ এপ্রিল নির্ধারিত থাকায় বিষয়টি জরুরি হয়ে পড়েছে। বর্তমানে কারাগারে থাকায় জেল কোড অনুযায়ী তার স্বাক্ষর গ্রহণে জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন।
এ বিষয়ে অ্যাডভোকেট লিটন আহমেদ গণমাধ্যমকে জানান, ব্যারিস্টার সুমন নির্বাচনে অংশ নিতে আগ্রহী। প্রার্থিতার জন্য প্রয়োজনীয় ফরমে তার স্বাক্ষর নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হন। হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাগারে থাকলেও আইনজীবীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
হাফিজ/ আয়না নিউজ