জ্বালানি সংকট মোকাবেলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় এ কার্যক্রম চালু করা হয়।
প্রতিষ্ঠানটির শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষ থেকে ভার্চুয়ালি ক্লাস পরিচালনা করেন। অন্যদিকে শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অনলাইন মাধ্যমে ক্লাসে অংশ নেয়। এতে স্বাস্থ্যবিধি ও সময় ব্যবস্থাপনার পাশাপাশি বিকল্প শিক্ষাব্যবস্থা হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।
শিক্ষকরা জানান, বৈসাবি ছুটির কারণে পরীক্ষামূলকভাবে শুধু কলেজ শাখায় এই কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে স্কুল শাখাতেও অনলাইন ক্লাস চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে তিন দিন—রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস এবং শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পাইলট প্রকল্পের আওতায় এনে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে গত ৮ এপ্রিল একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
পরদিন ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, ডিজিটাল শিক্ষাব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাইলট প্রকল্প সফল হলে এটি ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইনে ক্লাস পরিচালনা করবেন এবং শিক্ষার্থীরা বাসা থেকে ক্লাসে অংশ নেবে।
হাফিজ/ আয়না নিউজ