জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচার, মানহানি ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করেছেন।
সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরযুক্ত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ড. স্নিগ্ধার বক্তব্যকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এটি কোনো গঠনমূলক সমালোচনা নয়, বরং একজন শিক্ষককে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যমূলক প্রচেষ্টা।
শিক্ষার্থীরা নৃবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনা ‘সিমবোলিক টার্গেটিং’ হিসেবে উল্লেখ করে জানান, এই ধরনের আক্রমণ কেবল একজন ব্যক্তিকেই নয়, বরং পরোক্ষভাবে সকল নারী শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ভয়ের পরিবেশ তৈরি করছে। তারা বলেন, এটি সমাজে বিদ্যমান জেন্ডার বায়াস ও কাঠামোগত সহিংসতারই প্রতিফলন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ অনুযায়ী প্রশাসনিক ক্ষমতা নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে ন্যস্ত। কোনো ছাত্র সংগঠন বা তার সদস্যের এই ধরনের ব্যক্তিগত আক্রমণ বা প্রশাসনের ওপর অনৈতিক চাপ সৃষ্টির অধিকার নেই। শিক্ষার্থীরা একে ক্ষমতার অপব্যবহার ও প্রাতিষ্ঠানিক সীমা লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।
হাফিজ/ আয়না নিউজ