| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা, এআই চালিত নতুন ফিচারের ঘোষণা

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 143 বার পঠিত
ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা, এআই চালিত নতুন ফিচারের ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। প্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, নতুন এআই প্রযুক্তি ফেসবুকে তথ্য অনুসন্ধান, কনটেন্ট তৈরি এবং ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগের ধরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। বিশেষ করে সার্চ বা তথ্য খোঁজার পদ্ধতিতে আসছে বড় ধরনের রূপান্তর।

নতুন ব্যবস্থায় ব্যবহারকারীদের আর নির্দিষ্ট তথ্যের জন্য অসংখ্য পোস্ট স্ক্রল করতে হবে না। সাধারণ ভাষায় প্রশ্ন করলেই এআইচালিত ‘মেটা এআই’ পাবলিক পোস্ট থেকে প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে সরাসরি উত্তর প্রদান করবে। তবে সাধারণ ব্যবহারকারীদের পোস্টের ওপর ভিত্তি করে তৈরি হওয়া এসব সারাংশের নির্ভরযোগ্যতা নিয়ে কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন।

ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে নতুন ভিডিও এডিটিং টুলসও যুক্ত করছে মেটা। পাশাপাশি চালু হচ্ছে ‘এআই ফটো প্রিসেট’ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ছবিতে পোশাক, চুলের ধরন ও চেহারার বিভিন্ন বৈশিষ্ট্যে পরিবর্তন আনতে পারবেন। এর আগে গত ফেব্রুয়ারিতে স্থির ছবিকে অ্যানিমেশনের মাধ্যমে সচল করার জন্য পরীক্ষামূলকভাবে ‘অ্যানিমেটেড প্রোফাইল ফটো’ ফিচার চালু করেছিল প্রতিষ্ঠানটি।

এদিকে চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ক্রীড়াপ্রেমীদের জন্যও বিশেষ কিছু ফিচারের ঘোষণা দিয়েছে মেটা। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন সম্প্রচারকারী প্রতিষ্ঠান, ফুটবল দল, খেলোয়াড় এবং কনটেন্ট নির্মাতাদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে কোম্পানিটি। এর ফলে বিশ্বকাপ চলাকালে ফেসবুক ও Instagram-এ ফুটবলভিত্তিক বিভিন্ন ইন্টারেক্টিভ ফিচার উপভোগ করতে পারবেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী।

মেটার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এসব নতুন সুবিধা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও ব্যক্তিকেন্দ্রিক করে তুলবে।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪