বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ৮৪ জন ব্যক্তিকে নিয়ে আয়কর অডিট কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তালিকাভুক্তদের একটি অংশ পূর্ববর্তী সময়ে সঠিকভাবে কর প্রদান বা করসংক্রান্ত তথ্য উপস্থাপন করেননি। এ কারণেই এই অডিট প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে।
তথ্য অনুযায়ী, অডিট নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে কর প্রদান না করার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা থাকলেও মাত্র ১০ থেকে ১৫ জন করদাতা আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।
অডিটের আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, তার সহধর্মিণী লালছানি লুসাই, আওয়ামী লীগের সাবেক এমপি বীর বাহাদুর উশৈ সিং, কাজল কান্তি দাশ, মোঃ কামাল হোসাইন, ও অমল কান্তি দাশ। স্থানীয়ভাবে তারা বান্দরবানের শীর্ষ ধনী হিসেবে বিবেচিত বলে জানা গেছে।
বান্দরবানের সহকারী কর কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান বলেন, অডিট নোটিশ পাওয়া ব্যক্তিদের উচিত নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ নিয়মকানুন অনুসরণ করে রিভাইজড রিটার্ন দাখিল করা এবং নোটিশের যথাযথ ব্যাখ্যা প্রদান করা।
নোটিশ পাওয়ার পরও তালিকাভুক্ত ব্যক্তিরা আয়কর জমা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে সরকারি আইন অনুযায়ী কর ফাঁকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এছাড়া তিনি জানান, তালিকাভুক্ত ব্যক্তিদের সম্পদের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খোঁজখবর নিচ্ছে।
মিনহাজ/ আল রাজীব/ আয়না নিউজ