পঞ্চগড় প্রতিনিধি : কৃষিকে আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিপণ্যের বাণিজ্যিকীকরণে প্রান্তিক কৃষকদের সম্পৃক্ত করতে পঞ্চগড়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফল ও কৃষিপণ্যের প্রদর্শনীরও আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, কৃষিকে বিশ্বের সঙ্গে সমন্বয় করে এগিয়ে নিতে হলে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ কৃষি ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে। কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন এবং রপ্তানিমুখী বাজার সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ সময় কৃষকদের উৎপাদিত ফল ও অন্যান্য কৃষিপণ্যের গুণগত মান যাচাই করে সেগুলোকে রপ্তানিযোগ্য করে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
পরে সদর উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কৃষি খাতে সমবায় সমিতি গঠনের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং কৃষকদের সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে এ ধরনের পার্টনার কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ