| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুতবা শেষে আরাফার ময়দানে জোহর-আসরের নামাজ আদায়

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 4077 বার পঠিত
খুতবা শেষে আরাফার ময়দানে জোহর-আসরের নামাজ আদায়

পবিত্র হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থান পালন করছেন বিশ্বের লাখো মুসল্লি। হজের খুতবা শেষে হাজিরা মঙ্গলবার (২৬ মে) জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করেন। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে বাংলাদেশ সময় প্রায় ৩টা ২০ মিনিটে আরাফাতের নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা শুরু হয়। খুতবা পাঠ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। চলতি বছরও বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় এই অনুবাদ সম্প্রচার করা হলো।

বাংলা অনুবাদ কার্যক্রমে অংশ নেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই সৌদি আরবের উম্মুল কুরা ইউনিভার্সিটি-এ বিভিন্ন সময়ে অধ্যয়ন করেছেন।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী সৌদি আরবে আজ ৯ জিলহজ, যা ‘আরাফা দিবস’ হিসেবে পরিচিত। এদিন আরাফাতের ময়দানে হাজিরা ইবাদত-বন্দেগি, জিকির ও দোয়ায় মশগুল থাকেন। সকাল থেকেই তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...”

সাদা ইহরামের কাপড়ে আবৃত হজযাত্রীরা ফজরের নামাজের পর মিনা থেকে আরাফাতের উদ্দেশে রওনা হন। ঐতিহাসিক এই ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। পরদিন ১০ জিলহজ পশু কুরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং শুরু হবে পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪