বরিশাল প্রতিনিধি: ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ার শাপলেজা বাজারে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সাপলেজা বাজারের শাপলা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বরগুনা জেলার ফুলঝুরি এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু হুরায়রা দীর্ঘদিন চিকিৎসক পরিচয়ে অবৈধভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এ সময় তার প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ কাগজপত্র না থাকায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে তার সহযোগী মো. মনিরুল ইসলামকেও আটক করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯(২) ধারা অনুযায়ী উভয়কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাসেল / সূর্যয় / আয়না নিউজ