চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চিংহাই এর হাইশি প্রিফেকচারে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১ জন নিহত এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিটিজিএন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ০৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের মধ্যে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা সব কয়লা খনির শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানায়, মঙ্গলবার বেইজিং সময় বিকেল ৫টা ০৬ মিনিটে ভূমিকম্পটি দুর্গম উচ্চভূমি এলাকায় আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এরপর বেশ কয়েকটি আফটারশক শনাক্ত করা হয়েছে, যার মধ্যে একটির মাত্রা ছিলো প্রায় ৫। শক্তিশালী এই ভূমিকম্পের পরপরই চীন ভূমিকম্প প্রশাসন দ্রুত তিন নম্বর স্তরের (লেভেল-থ্রি) জরুরি প্রতিক্রিয়া প্রটোকল চালু করেছে।
ওয়াং কুন সংশ্লিষ্ট সকল বিভাগকে ভূমিকম্পের পরবর্তী কম্পন (আফটারশক) পর্যবেক্ষণ, ট্র্যাকিং এবং বিশ্লেষণ জোরদার করার তাগিদ দিয়েছেন, যেন যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিংহাই প্রাদেশিক ভূমিকম্প সংস্থার একটি বিশেষ মাঠ পর্যায়ের দল ইতোমধ্যে দুর্গত এলাকায় পৌঁছে স্থানীয় প্রশাসনকে জরুরি উদ্ধারকাজে সহায়তা প্রদান করছে।
প্রসঙ্গত, হাইসি এলাকাটি খনিজ সমৃদ্ধ। সেখানে মূলত জিংক শোধনাগার রয়েছে। তবে এই ভূমিকম্পের ফলে খনিগুলোতে কোনো ক্ষয়ক্ষতি বা উৎপাদন ব্যাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
সূত্র: রয়টার্স, সিটিজিএন
সূর্যয় / আয়না নিউজ