মানিকগঞ্জ প্রতিনিধি: ইসলামী ব্যাংকের কার্যক্রমে কথিত সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ এবং ঢাকায় ব্যাংকের সচেতন গ্রাহকদের মানববন্ধনে পুলিশি হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের অন্যতম বৃহৎ ইসলামী ধারার ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, স্থিতিশীলতা ও গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। তারা বলেন, ব্যাংকিং খাতকে রাজনৈতিক ও অযাচিত প্রভাবমুক্ত রেখে গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এ সময় বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক আবু তালেব, লোকমান হোসেন, জাহিদ হোসেন, ওমর ফারুকসহ অন্যরা। বক্তারা দাবি করেন, ঢাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ হামলা চালিয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, দেশের সংবিধান অনুযায়ী নাগরিকদের শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ ও ন্যায্য দাবি উত্থাপনের অধিকার রয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে বলপ্রয়োগ বা হয়রানিমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। তারা বলেন, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গ্রাহকদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা এবং ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।
শাহীন/ হাফিজ/ আয়না নিউজ