খুলনা মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় মো. রাশেদ কাজী (৩০) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ কাজী লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি প্রেসে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই কাজী রাইসুল জানান, সকালে রাশেদ বাড়িতে ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে তার পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দেন, স্কুলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) পিযুষ দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচিত ব্যক্তিরাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
হাফিজ/ আয়না নিউজ