যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তি নিজের পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। ভয়াবহ এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় পুলিশ জানায়, সোমবার দুপুরে একটি বাড়ি থেকে গুলির শব্দ শোনার পর জরুরি নম্বরে ফোন আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেন। তবে এর আগেই সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে তদন্তের অংশ হিসেবে শহরের আরও দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে আরও দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। একজনকে একটি বাসা থেকে এবং অন্যজনকে কাছাকাছি একটি ব্যবসা প্রতিষ্ঠানে মৃত অবস্থায় পাওয়া যায়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে।
তদন্তকারীরা হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত সবাই তার পরিবারের সদস্য ছিলেন।
ঘটনার পর পুলিশ তাকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে মিসিসিপি নদীর তীরবর্তী একটি সেতুর কাছে তাকে ঘিরে ফেললে তিনি নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকেই গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাসকাটিন পুলিশ বিভাগের প্রধান বলেন, এ ধরনের ভয়াবহ ঘটনা পুরো সম্প্রদায়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল। তবে বর্তমানে জনসাধারণের জন্য কোনো ধরনের হুমকি নেই।
হাফিজ/ আয়না নিউজ