আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যে সামান্য পতন লক্ষ্য করা গেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যবান এই ধাতুর ওপর এক ধরনের চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্ববাজারের ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতি সম্প্রসারণ চুক্তি নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাজার তথ্য থেকে জানা যায়, সোমবার সকালে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫২১.২৫ ডলারে নেমে আসে। এর আগে আগের সেশনে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিলো। অন্যদিকে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৫১.৬০ ডলার হয়।
বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে মার্কিন ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা এখন আগের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চিরাচরিত যে চাহিদা থাকে, তা সাময়িকভাবে কিছুটা কম।
বাজার এখন নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইরান ইস্যুতে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির দিকে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ওপর আগামী দিনের স্বর্ণবাজারের গতিপথ অনেকাংশে নির্ভর করবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ওপরই আগামী দিনগুলোতে স্বর্ণের বাজার কোন দিকে যাবে তা বোঝা যাবে।
সূর্যয় / আয়না নিউজ