ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি, তবে প্রাথমিক প্রবণতাই রাজ্যের রাজনৈতিক আবহে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন গণনা কেন্দ্রের বাইরে দেখা গেছে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং উৎসবমুখর পরিবেশ।
প্রবণতা অনুযায়ী, ২৯৪ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ১৪৮ ছাড়িয়ে প্রায় ১৯০টির কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে পড়েছে। এই ফলাফলের ইঙ্গিতেই রাজ্যজুড়ে গেরুয়া শিবিরে শুরু হয়েছে উদযাপন।
এই উত্তেজনার ছাপ দেখা গেছে কলকাতার ভবানীপুরেও। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের অদূরে জড়ো হন বিজেপি কর্মীরা। সেখানে ‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হলেও দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে হাওড়ার শিবপুরে আইআইইএসটি গণনা কেন্দ্রের সামনেও সকাল থেকেই ভিড় জমতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় রূপ নেয় উৎসবমুখর জমায়েতে। দলীয় পতাকা, আবির, ঢাক-ঢোল আর নাচ-গানে মুখর হয়ে ওঠে এলাকা। বিশেষ করে নারী কর্মীদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
একাধিক কর্মী জানিয়েছেন, এবারের লড়াই শুধু ভোটের ছিল না, বরং আত্মসম্মানের প্রশ্নও জড়িয়ে ছিল। তাই জয়ের সম্ভাবনায় আগেভাগেই তারা উদযাপনে শামিল হয়েছেন।
কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এলাকাতেও একই চিত্র দেখা গেছে। উত্তর কলকাতার বিভিন্ন আসনের গণনাকে কেন্দ্র করে সেখানে জড়ো হন বিপুল সংখ্যক বিজেপি সমর্থক। ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কর্মীদের দাবি, দীর্ঘদিন পর নতুন রাজনৈতিক পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে বাংলা।
উল্লেখ্য, ভোটের আগে প্রকাশিত একাধিক বুথফেরত সমীক্ষায়ও পরিবর্তনের আভাস মিলেছিল। গণনার দিন সেই প্রবণতাই আরও স্পষ্ট হয়ে উঠছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সবার।
হাফিজ/ আয়না নিউজ