নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে রুবেলের বাকবিতণ্ডা হয়। পরে তিনি পাশের একটি কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে পরিবারের সদস্যরা কক্ষে প্রবেশ করে তার গলা কাটা মরদেহ দেখতে পান। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের সন্তান সাইফুদ্দিন সিদ্দিক রয়েল ও স্ত্রী শিউলি বেগমকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে বলে জানান সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ