ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে।
এ ঘটনায় ট্রাকের চালক, তার সহকারী এবং অটোরিকশার চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয় ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজন নারীর মরদেহ উদ্ধার করা হয় এবং পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকটি সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
হাফিজ/ আয়না নিউজ