সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখিয়েছে আদালত। সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পর তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আবেদনটির পক্ষে বক্তব্য দেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী তাহমিনা তাহেরীন মুমু গ্রেফতার দেখানোর আবেদনটির বিরোধিতা করেন।
পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত বুবলীকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এর আগে তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি রাষ্ট্রবিরোধী মিছিল বের হয় বলে অভিযোগ করা হয়। এতে উসকানিমূলক স্লোগান এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও মামলায় উল্লেখ আছে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয় এবং পরে তদন্তে সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী ওই মিছিলে অর্থায়ন করেছেন বলে তথ্য পাওয়া গেছে এমনটি আবেদনে উল্লেখ করা হয়।
হাফিজ/ আয়না নিউজ