ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৯২টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে রয়েছে।
এই পরিস্থিতিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। তিনি ভোট গণনা প্রক্রিয়ায় নানা অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মমতার দাবি, গণনা ধীরগতিতে চলছে এবং ইচ্ছাকৃতভাবে বিজেপি এগিয়ে আছে এমন চিত্র দেখানো হচ্ছে। তিনি দলের প্রার্থী ও গণনা এজেন্টদের গণনাকেন্দ্র না ছাড়ার আহবান জানান।
তিনি বলেন, “দয়া করে কোনও (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি গতকাল থেকে বলছি, ওদেরগুলো (এগিয়ে থাকা আসন) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে।”
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে গণনা প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে এবং কিছু জায়গায় গণনা বন্ধ রাখা হয়েছে। তার ভাষায়, “কল্যাণীতে এমন সাতটি মেশিন ধরা পড়েছে, যেখানে কোনো মিলই নেই।”
এছাড়া কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। মমতার অভিযোগ, “কেন্দ্র জোর করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের উপর অত্যাচার করছে।”
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি ধৈর্য ধরার আহবান জানিয়ে বলেন, “মনখারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। এখনও কয়েক রাউন্ড গণনা হয়েছে, মোট ১৮ থেকে ১৯ রাউন্ড গণনা হবে। তখন ফলাফল আসবে। ওয়েট অ্যান্ড সি।”
তিনি আরও বলেন, “নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো।”
সূত্র: আনন্দবাজার
হাফিজ/ আয়না নিউজ