প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নারীদের স্বাবলম্বী না করা গেলে তাদের প্রকৃত অগ্রগতি কখনোই সম্ভব নয়। দেশের উন্নয়নকে টেকসই করতে হলে নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে হবে এবং কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্য চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী পুরুষ একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে না পারলে তাদের এগিয়ে নেয়া সম্ভব নয়।
তিনি আরও জানান, শ্রীমঙ্গলে ইতোমধ্যে ১৫০ জন চা শ্রমিক সন্তানের জন্য স্কলারশিপ প্রদান করা হয়েছে। পাশাপাশি আগামী এক বছরে ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। তবে একটি রাজনৈতিক দল এই বাজেটকে জনবিরোধী বলে অভিহিত করছে। তার মতে, জনবান্ধব বাজেটকে যারা জনবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না। এ ধরনের বিভ্রান্তির বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের ঐক্যই দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার মূল শক্তি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে বিএনপির পক্ষে বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণ যতবার ভোটের সুযোগ পেয়েছে ততবারই বিএনপিকে বিজয়ী করেছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বিএনপির শক্তির মূল উৎস জনগণ বলেও তিনি উল্লেখ করেন।
হাফিজ/ আয়না নিউজ