পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত আশুরা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
আয়োজিত তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
সভায় তিনি বলেন, আশুরার সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই যাতে বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হবে।
হোসাইনী দালান ইমামবাড়া ও আশপাশের এলাকা থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে। দুর্ঘটনা প্রতিরোধে ডগ স্কোয়াড মোতায়েন করা হবে এবং ম্যানুয়ালি সুইপিং করা হবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসও প্রস্তুত থাকবে বলে জানায় পুলিশ ।
সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আল রাজীব/ আয়না নিউজ