এডিস মশার বিস্তার রোধে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং মশার উৎপত্তিস্থল ধ্বংসে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
মঙ্গলবার (২ জুন) তিনি জানান, আসন্ন ডেঙ্গু মৌসুমে পরিস্থিতি কোন পর্যায়ে যাবে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে।
মন্ত্রী আরও বলেন, আগামী সপ্তাহ থেকেই সারা দেশের ৬৪ জেলায় চিকিৎসকদের জন্য ডেঙ্গু বিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও কর্মশালা শুরু হবে। এসব প্রশিক্ষণে রোগীর ডায়াগনসিস, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা প্রোটোকল এবং ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে, যাতে সারাদেশে একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠে।
ডেঙ্গু রোগীদের সেবা নিশ্চিত করতে দেশের সব বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোট বেডের ১০ শতাংশ খালি ও সংরক্ষিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এসব প্রতিষ্ঠানে সংরক্ষিত বেডের সংখ্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানাতে বলা হয়েছে।
এছাড়া, ডেঙ্গু পরীক্ষা ব্যবস্থায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী জানান, ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সিটি কর্পোরেশনের সহায়তায় দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাসাবাড়ি, ছাদ বা পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আগামী শনিবার সকাল ১০টায় ঢাকা দুই সিটি কর্পোরেশনসহ সব বিভাগীয় শহরে র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইন আগামী তিন মাস দেশব্যাপী চলবে বলেও জানান তিনি।
তবে ডেঙ্গু ভ্যাকসিন এখনো বিশ্বব্যাপী পুরোপুরি কার্যকর না হওয়ায় আপাতত দেশে কোনো ভ্যাকসিন প্রয়োগ করা হবে না বলে স্পষ্ট করেন স্বাস্থ্যমন্ত্রী।
হাফিজ/ আয়না নিউজ