কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী এলাকায় ফের জেলে অপহরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মাছ ধরে ফেরার পথে ৭ জন জেলেকে দুটি ডিঙি নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফের সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জেলেদের আটক করা হয়।
অপহৃতদের মধ্যে রয়েছেন সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া ও মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবুল ফয়েজ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মাছ ধরতে গিয়ে ফেরার সময় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই বছরে নাফ নদী এলাকা থেকে অন্তত সাড়ে চার শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের মধ্যে প্রায় ২৩০ জনকে উদ্ধার বা ফেরত আনা সম্ভব হলেও অনেকেই এখনো বন্দি অবস্থায় রয়েছেন।
ঘন ঘন এমন অপহরণের ঘটনায় সীমান্তবর্তী জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ