| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই দপ্তরের দায় এড়ানোর খেলায় বিপর্যস্ত কালীগঞ্জের অডিটোরিয়াম

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 10064 বার পঠিত
দুই দপ্তরের দায় এড়ানোর খেলায় বিপর্যস্ত কালীগঞ্জের অডিটোরিয়াম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একমাত্র বড় অডিটোরিয়ামটি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে দুই দপ্তরের দায় এড়ানোর টানাপোড়েনে। প্রায় ছয় মাস ধরে হলরুমের মেঝে ফুঁড়ে পানি উঠছে, ফলে নষ্ট হয়ে যাচ্ছে ফ্লোর এবং পুরো পরিবেশ হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। এতদিনেও সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, অডিটোরিয়ামটি জেলা পরিষদের অধীনে পরিচালিত হলেও এর পাশেই অবস্থিত পৌরসভার পানি সরবরাহ পাম্প থেকে ফেটে যাওয়া একটি পাইপের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ওই পাইপ দিয়ে পানি ঢুকে হলরুমের মেঝে ভাসিয়ে দিচ্ছে। বিষয়টি শুরু থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জানা থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

অডিটোরিয়ামটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। মেঝেতে পানি জমে থাকায় ফ্লোর ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হয়ে গেছে সিলিং ফ্যান, টিনের ছাদে তৈরি হয়েছে ছিদ্র, আর ওয়াশরুমগুলো রয়েছে অপরিচ্ছন্ন অবস্থায়। ফলে বিয়ে, সভা-সমাবেশ কিংবা সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে ভাড়াটিয়ারা পড়ছেন চরম বিপাকে।

স্থানীয় ব্যবসায়ী শফিউদ্দিন জানান, সম্প্রতি তার ভাতিজার বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে মারাত্মক সমস্যার মুখে পড়তে হয়েছে। মেঝে দিয়ে পানি উঠছিল, ফ্লোর ভেসে যাচ্ছিল। শেষ পর্যন্ত কাপড় ও পর্দা দিয়ে ঢেকে কোনোভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে হয়েছে। তিনি দ্রুত অডিটোরিয়ামটির সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানান।


এদিকে, সংশ্লিষ্ট দুই দপ্তর—পৌরসভা ও জেলা পরিষদ—সমস্যার দায় একে অপরের ওপর চাপাচ্ছে। পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও প্রকৌশলী কবির হাসান জানান, সমস্যার মূল কারণ তাদের পানি সরবরাহ লাইনের পাইপ হলেও অডিটোরিয়ামটি জেলা পরিষদের অধীনে হওয়ায় সংস্কারের দায়িত্ব তাদের। অন্যদিকে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, যেহেতু সমস্যা সৃষ্টি হয়েছে পৌরসভার পাইপলাইনের কারণে, তাই এর দায়ভারও পৌরসভারই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদও একই ধরনের বক্তব্য দিয়ে জানান, দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আবারও তাগিদ দেওয়া হবে।

কালীগঞ্জে বড় কোনো বিকল্প অডিটোরিয়াম না থাকায় এটি স্থানীয়দের একমাত্র ভরসা। তাই দ্রুত সমস্যার সমাধান করে অডিটোরিয়ামটি ব্যবহারযোগ্য করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪