কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় যশোর শহর থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ও রাতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালনের ভিডিও প্রচারে দেখা যায়, শহরের গরীবশাহ সড়কে মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।
বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, নূরুল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্ঠীতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবুকে আটক করে পুলিশ।
আরও পড়ুন-
স্ত্রীসহ ঢাকায় গ্রেফতার বিএনপি নেতা
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানিয়েছেন, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছিলেন এমনকি যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ বাদি হয়ে এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেছে।
এফএ/আয়না