পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রকাশিত বিভিন্ন বুথফেরত সমীক্ষায় উঠে এসেছে মিশ্র চিত্র। অধিকাংশ সমীক্ষায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে থাকলেও কিছু জরিপে তৃণমূল কংগ্রেস-এর প্রাধান্য দেখা যাচ্ছে। ফলে রাজ্যে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি, বরং দুই প্রধান শক্তির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলছে।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। বিভিন্ন সমীক্ষা সংস্থার পূর্বাভাসে বিজেপিকে কখনও সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি, আবার কখনও স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে। অন্যদিকে কিছু জরিপে তৃণমূলকে শক্ত অবস্থানে দেখানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাম ও কংগ্রেসের উপস্থিতি সীমিত বলেই উল্লেখ করা হয়েছে।
চাণক্য স্ট্র্যাটেজির বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৬০টি আসন, আর তৃণমূলের সম্ভাব্য আসন ১৩০ থেকে ১৪০। অন্য দলগুলো পেতে পারে ৬ থেকে ১০টি আসন। অন্যদিকে ‘পিপল্স পাল্স’-এর পূর্বাভাসে তৃণমূল এগিয়ে—তাদের সম্ভাব্য আসন ১৭৮ থেকে ১৮৯, আর বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি।
‘পি-মার্ক’ সমীক্ষায় আবার বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, যেখানে তাদের সম্ভাব্য আসন ১৫০ থেকে ১৭৫। বিপরীতে তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। ‘প্রজা পোল’-এর জরিপে বিজেপির অবস্থান আরও শক্তিশালী দেখানো হয়েছে—তারা পেতে পারে ১৭৮ থেকে ২০৮টি আসন, আর তৃণমূল ৮৫ থেকে ১১০-এর মধ্যে থাকতে পারে।
‘পোল ডায়েরি’ তুলনামূলকভাবে কাছাকাছি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে। এখানে বিজেপি ১৪২ থেকে ১৭১টি এবং তৃণমূল ৯৯ থেকে ১২৭টি আসন পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ‘জনমত পোল্স’-এর পূর্বাভাসে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূলকে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে। তাদের সম্ভাব্য আসন ১৯৫ থেকে ২০৫, যেখানে বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টি আসন। কংগ্রেস ও বামেদের সম্ভাবনা খুবই সীমিত বলে দেখানো হয়েছে।
‘জেভিসি’ সমীক্ষায় আবার প্রায় সমানে সমান লড়াইয়ের ছবি উঠে এসেছে—তৃণমূল ১৩১ থেকে ১৫২ এবং বিজেপি ১৩৮ থেকে ১৫৯টি আসন পেতে পারে।
এবারের নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হয়েছে—২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়। উল্লেখযোগ্যভাবে, এবারের ভোটে ৯০ শতাংশের বেশি ভোটদানের হার রেকর্ড করা হয়েছে।
তবে ভারতের নির্বাচনী ইতিহাস বলছে, বুথফেরত সমীক্ষা সবসময় চূড়ান্ত ফলের সঙ্গে মেলে না। তাই সব জল্পনার অবসান হবে ৪ মে ভোটগণনার দিন, যেদিন স্পষ্ট হবে পশ্চিমবঙ্গের পরবর্তী সরকার গঠন করছে কে।
হাফিজ/ আয়না নিউজ