ভারতের দিল্লিতে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের বিশেষ সহযোগিতায় ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (DIFF) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।
আগামী ৪ মে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী আদুর গোপালকৃষ্ণন আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করবেন। ৫ দিনব্যাপী চলা এবারের উৎসবে বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রায় ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে ৮ মে পর্যন্ত।
আরও পড়ুন-
‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে পুরস্কার প্রাপ্তির সংবাদের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, “আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং একটি পুরস্কার গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি উৎসবের সভাপতি জনাব রাম কিশোরকে ধন্যবাদ সেইসাথে ইন্দিরা গান্ধী শিল্প পরিষদ, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়কেও অনেক ধন্যবাদ। এ বিশাল পদক্ষেপ এবং এটি বিশ্বজুড়ে সৃজনশীল মানুষদের সৃজনশীলতার একটি সংহতি। আমার পক্ষ থেকে অনেক শুভকামনা।”
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননাটি এর আগে শর্মিলা ঠাকুর, সুভাষ ঘাই, শত্রুঘ্ন সিনহা এবং রণধীর কাপুরের মতো প্রথিতযশা ব্যক্তিত্বরা লাভ করেছেন। সে পথ ধরে রুনা লায়লার মতো একজন কিংবদন্তি শিল্পীকে সম্মানিত করার মাধ্যমে উৎসবটি এক ভিন্ন মাত্রা পেয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এফএ/আয়না