উরুগুয়ে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ ২০২৩ সালের মাঝামাঝিতে হাঁটুতে চোটের কারণে পেশাদার ফুটবলকে বিদায় বলবেন বলে গুঞ্জন ওঠে। কিন্তু সেরকম কিছু না হলেও ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ফুটবল বিশ্বকাপ যখন দুয়ারে কড়া নাড়ছে তখন অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন সুয়ারেজ ।
৩৯ বছর বয়সী এই তারকা উরুগুয়ের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘ডায়ারিও ওভেশন’এ সাক্ষাৎকারে বলেন, অন্য খেলোয়াড়দের সুযোগ করে দিতে আমি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলাম। কারণ আমার তখন মনে হয়েছিল আমি দীর্ঘ সময় সম্ভবত স্কোয়াডে থাকার উপযোগী নই। কিন্তু যদি তাদের আমাকে প্রয়োজন হয়, আমি কখনো জাতীয় দলকে না বলব না যখন বিশ্বকাপ সন্নিকটে।
২০২৪ সালের সেপ্টেম্বরে ১৭ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে ইতি টানা সুয়ারেজের ২০০৭ সালে ফেব্রুয়ারিতে অভিষেকের পর দেশের জার্সিতে ১৪৩ ম্যাচে সর্বোচ্চ ৬৯ গোল করেন। ঘরের মাঠ মন্টেভিডিওতে তার বিদায়ী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে সপরিবারে হাজির হয়েছিলেন তিনি। গ্যালারিভর্তি সমর্থকদের অভ্যর্থনার বিপরীতে শেষবার জাতীয় দলের জার্সি পরে নেমে অশ্রুভেজা চোখে বিদায় নেন সুয়ারেজ।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফুটবল বিশ্বকাপ আসর। যেখানে উরুগুয়ে ‘এইচ’ গ্রুপে লড়বে স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরবের সঙ্গে। এর মধ্যে সুয়ারেজের দেশ দুই ম্যাচ মায়ামি এবং আরেক ম্যাচ খেলবে হিউস্টনে।
এফ এ / আয়না টিভি