অরিজিৎ সিং প্লেব্যাক ছাড়ার ইঙ্গিত দিয়ে আলোচনায়। তার রেশ কাটতে না কাটতেই ভারতের আরেক সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল এবার নিজের ক্যারিয়ার ও প্লেব্যাক নিয়ে জানালেন ‘চিকনি চামেলি’র মতো তথাকথিত অশালীন শব্দচয়নের গান আর কখনোই গাইবেন না তিনি।
এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেছিলেন, অনেক গানেই নারীদের কেবল ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন করা হয়, যা ছোটরা না বুঝে গাওয়ায় তার অস্বস্তি হয়। শ্রেয়ার এই মন্তব্যের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ব্যবহারকারীরা তাকে ‘দ্বিচারী’ বলে কটাক্ষ করে জানান শ্রেয়া নিজেই এমন অনেক গান কনসার্টে গেয়ে থাকেন।
দর্শকদের এসব সমালোচনার কড়া জবাব দিতে রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এই শিল্পী নিজের অবস্থান পরিষ্কার করে জানান, গান বাছাইয়ের ক্ষেত্রে এখন তিনি অনেক বেশি সচেতন। শ্রেয়া বলেন, ‘চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও রেকর্ড করব না। ওই গানটি যখন গেয়েছিলাম, তখন বয়স ও অভিজ্ঞতা দুটোই কম ছিল। গানের অনেক শব্দের গভীর অর্থ তখন পুরোপুরি অনুধাবন করতে পারিনি। এখন ভাবলে লজ্জা হয় যে আমি এমন গান গেয়েছি।’
শিল্পী আরও জানান, ‘চিকনি চামেলি’র জনপ্রিয়তার পর তার কাছে আরও অনেক অশালীন বা আপত্তিকর গানের প্রস্তাব এসেছিল। এমনকি ঘনিষ্ঠ সুরকার বন্ধুরাও তাকে এমন গান গাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু নিজের নীতিতে অটল থেকে সেসব প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।