দীর্ঘ একদশক পর আবারও পরিচালনায় ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা বিচ্ছেদ বেদনা। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী মৌসুমী। সেখানে হাসান জাহাঙ্গীরের সঙ্গে কন্ট্র্যাক্ট ম্যারেজ ছবিটি করেছেন। এ নিয়ে গত মাসে হয়েছে অনেক সমালোচনা।
সেই রেশ কাটতে না কাটতে আরেক ছবির ইস্যুতে নতুন করে আলোচনায় মৌসুমী। এবারের ছবি বিচ্ছেদ বেদনা। এটি অবশ্য একেবারে নতুন নয়, পাঁচ বছর আগের। করোনাকালীন হয়েছে অধিকাংশ শুটিং। ছবিটির পরিচালক মৌসুমী নিজেই। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় পাওয়া যাবে তাকে।
বিচ্ছেদ বেদনা’র কাজ হয়েছিলো গোপনে। জানা গেছে, আগামী মাসে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। এখন মুক্তি নিয়ে ভাবছেন প্রযোজক আবদুর রহমান। সম্প্রতি বিএফডিসি থেকে ছবিটির অনাপত্তি সনদ নিয়েছেন তিনি। সেখান থেকেই নতুন চর্চার সূত্রপাত।
এদিকে যুক্তরাষ্ট্রে থাকায় বিচ্ছেদ বেদনা নিয়ে আপাতত কিছু বলেননি মৌসুমী। তবে তার স্বামী, অভিনেতা ওমর সানী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সুমীর সঙ্গে কথা বলে জেনেছি, করোনার সময় ছবির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছিলো। পরে প্রযোজক বাকি অংশের কাজ সেরেছেন।
বিচ্ছেদ বেদনা’য় মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। ফেরদৌস অনেকদিন ধরে আছেন আড়ালে। তাই ছবিটির মুক্তি নিয়ে কেউ কেউ সংশয়ের আশঙ্কাও দেখছেন।
সবশেষ ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছে ‘শূন্য হৃদয়’ নামের একটি টেলিফিল্ম। তারপর এবার তিনি নতুন সিনেমাটি নির্মাণ করলেন।
প্রসঙ্গত, ২০০৩ সালে কখনো মেঘ কখনো বৃষ্টি সিনেমা দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন মৌসুমী। পরবর্তী সময়ে তাঁর পরিচালনায় মুক্তি পায় চলচ্চিত্র মেহের নিগার। অভিনয় ও পরিচালনার পাশাপাশি তিনি প্রযোজনাতেও যুক্ত রয়েছেন। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরীবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখান এই অভিনেত্রী।
সূর্যয় / আয়না নিউজ