জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ আইস এজ দীর্ঘ ১০ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে। ফলে অ্যানিমেশনপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। ষষ্ঠ পর্বের প্রথম ঝলক প্রকাশিত হয়েছে।
নতুন ট্রেলারে দেখা যায়, একটি আগ্নেয়গিরির বিস্ফোরণে চরিত্রগুলো আকাশে ভেসে যাচ্ছে এবং অচেনা এক রহস্যময় লস্ট ওয়ার্ল্ডের দিকে তাদের যাত্রা শুরু হয়।
সিনেমাটির কাহিনি সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু জানাননি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এবার দর্শকরা পরিচিত বরফঢাকা পরিবেশের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ দেখতে পাবেন। আগের মতোই এই সিনেমায় থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। ম্যানি চরিত্রে রে রোমানো, ডিয়েগো চরিত্রে ডেনিস লিয়ারি, সিড চরিত্রে জন লেগুইজামো, বাক চরিত্রে সাইমন পেগ এবং এলি চরিত্রে কুইন লাতিফা আবারও কণ্ঠ দেবেন।
এছাড়া থাকবে সেই চিরচেনা চরিত্র স্ক্র্যাট, যে সবসময় একরে পিছু ছুটে বিপদে পড়ে। তার সঙ্গে এবার দেখা যাবে ক্র্যাশ, এডি এবং ছোট স্ক্র্যাটকেও।
আইস এজ সিরিজের শেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। প্রায় এক দশক পর আবারও বড় পর্দায় ফিরছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। নতুন সিনেমা ‘আইস এজ: বয়লিং পয়েন্ট’ মুক্তি পাবে ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি।
সিরিজের আগের সব সিনেমা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বলে জানানো হয়েছে।