দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল চট্টগ্রামের আনোয়ারায় স্থাপনের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীপরিষদ কমিটি। আজ বুধবার সচিবালয়ে এক সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশে একটি আধুনিক মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), নৌপরিবহণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ১০টি সংস্থার সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটি বিশ্বের বিভিন্ন দেশের মুক্ত বাণিজ্য অঞ্চল পরিচালনা ব্যবস্থা, আইন, নীতিমালা, প্রণোদনা কাঠামো এবং পরিচালন মডেল পর্যালোচনা করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রণয়ন করে।
কমিটির সুপারিশের ভিত্তিতে অবকাঠামোগত সুবিধা, আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ, লজিস্টিক সক্ষমতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা বিবেচনায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী আনোয়ারা এলাকাকে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের জন্য উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করা হয়।
প্রস্তাবিত মুক্ত বাণিজ্য অঞ্চল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রফতানি বহুমুখীকরণ, আন্তর্জাতিক লজিস্টিক হাব গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে বেজা’র গভর্নিং বোর্ড-এর ৯ম সভায় মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের বিষয়টি অনুমোদিত হয়।
মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও নীতিমালার সংস্কার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইন, ২০১০, কাস্টমস আইন, ২০২৩, ওয়্যারহাউজ লাইসেন্সিং বিধিমালা ২০২৪, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪, রপ্তানি নীতি আদেশ ২০২৪-২০২৭, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নির্দেশিকা, জাতীয় শিল্প নীতি ২০২২ এবং জাতীয় লজিস্টিকস নীতিমালা ২০২৪ সহ সংশ্লিষ্ট বিধি-বিধান পর্যালোচনা ও হালনাগাদের কার্যক্রম চলমান রয়েছে।
দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, বৈশ্বিক বাণিজ্য সংযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক প্রতিযোগিতামূলক সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে, এবং বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য ও লজিস্টিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
রিয়াদ খান/আয়না নিউজ